যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত পুনরায় শুরুর প্রায় দুই সপ্তাহের মধ্যে মঙ্গলবার ইরানের একাধিক আকাশ হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইনের সামরিক বাহিনী।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বাহরাইন প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশ হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বাহরাইনে দুটি মার্কিন ঘাঁটির দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি রাডার স্থাপনা এবং কুয়েতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও স্যাটেলাইট গ্রহণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে আরও “শক্তিশালী ও সিদ্ধান্তমূলক” ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রতিপক্ষকে প্রস্তুত থাকতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাতভর অভিযানে তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে।
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিকনির্ণয় অ্যান্টেনা, ক্যাম্প আল-উদাইরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমদ আল-জাবের বিমানঘাঁটির সেনা আবাসন।
অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া রাজ্যটির দিকে ধেয়ে আসা পাঁচটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এ তথ্য দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার মাধ্যমে জানানো হয়েছে।
0 মন্তব্য