ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শুক্রবার (৩ জুলাই) ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহরের প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে এবং ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের বাসিন্দা ওমর আব্বাস বলেন, তিনি রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে কফি পান করছিলেন। হঠাৎ চেয়ার দুলতে শুরু করলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ আগের ভূমিকম্পের অভিজ্ঞতা এখনো তাকে ভীত করে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে এবং আশপাশের এলাকায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
0 মন্তব্য