হরমুজ প্রণালি নিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধ এবং ওমান ও ইরানের যৌথ সিদ্ধান্তে বৈঠকটি স্থগিত করা হয়।
সোমবার ওমানের সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকটি স্থগিতের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।
তিনি জানান, প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর পথ তৈরি করতেই বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই সহযোগিতা জোরদারে সংলাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চলবিষয়ক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী বেক জানিয়েছেন, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং ওমান ও ইরানের যৌথ সিদ্ধান্তে বৈঠকটি অন্য একটি তারিখে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ওমানের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে বৈঠকের জন্য উপযুক্ত সময় নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং কৌশলগত এই জলপথকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই বৈঠকটির আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ জলপথে জাহাজ চলাচল নিয়ে যেকোনো অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।
0 মন্তব্য