ডানহাতি পেসার হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। ১৭ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন হাসান।
ডারউইনের মারারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ৪৫ রানের জুটি গড়লেও দ্রুতই চাপে পড়ে স্বাগতিকরা। ৭৪ রানের মধ্যে চতুর্থ উইকেট হারায় তারা।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে যথাক্রমে ২২ ও ২৩ রানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর মার্নাস লাবুশেনকে ১ রানে এবাদত হোসেন এবং ক্যামেরন গ্রিনকে ১৩ রানে আউট করেন তাসকিন আহমেদ।
পঞ্চম উইকেটে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি ৫৫ রানের জুটি গড়ে দলকে শতরানের গণ্ডি পার করেন। ১৯ রান করা ক্যারিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত।
এরপর বো ওয়েবস্টারকে ১২ রানে আউট করেন তাসকিন। ফলে ১৫২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
শেষদিকে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার শেষ চার ব্যাটারকে সাজঘরে ফেরান হাসান। একপ্রান্ত আগলে রাখা স্টিভেন স্মিথকে ৭১ রানে ফেরানোর পর অধিনায়ক প্যাট কামিন্সকে ৯, মিচেল স্টার্ককে ১ এবং নাথান লায়নকে ৭ রানে আউট করেন তিনি।
হাসানের ৬ উইকেটের পাশাপাশি তাসকিন আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট শিকার করেন।
১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন হাসান মাহমুদ। তার দুর্দান্ত বোলিংয়েই ৫৩ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
0 মন্তব্য