একের পর এক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।
সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি ঘোষণা করেন, বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের খরচ দেবে রাজ্য সরকার। একই সঙ্গে সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি কৃষিজমি ও স্থানীয় মানুষের জীবিকা রক্ষার যুক্তিতে চেন্নাইয়ের প্রস্তাবিত পরন্দুর বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় বছরে তিনটি রান্নার গ্যাসের সিলিন্ডারের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক হিসাবে দেওয়া হবে। আগামী বছরের পঙ্গল উৎসব থেকে এ প্রকল্প চালু হওয়ার কথা। প্রায় এক কোটি ৩০ লাখ পরিবার এর আওতায় আসবে। প্রকল্প বাস্তবায়নে বছরে চার হাজার কোটি রুপির বেশি খরচ হতে পারে।
বার্ষিক আয় আড়াই লাখ রুপির মধ্যে থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে। উপভোক্তারা প্রথমে গ্যাসের সিলিন্ডার কিনবেন। পরে কেনার প্রমাণপত্রের ভিত্তিতে সেই অর্থ সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হবে। ফলে রান্নার জ্বালানির খরচে নিম্ন আয়ের পরিবারগুলোর বড় ধরনের সুরাহা হবে।
নারীদের জন্য আরও বড় ঘোষণা এসেছে গণপরিবহণে। এতদিন রাজ্যের সাধারণ সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের যে সুবিধা ছিল, এবার তা আরও বিস্তৃত করা হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে নারীরা বিভিন্ন শ্রেণির সরকারি বাসে, যার মধ্যে দ্রুতগামী ও বিলাসবহুল বাসও রয়েছে, বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। যাতায়াতের সংখ্যার ওপরও কোনো সীমা থাকবে না।
বিজয়ের ঘোষণায় রয়েছে তৃতীয় চমকও। চেন্নাইয়ের দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য পরন্দুরে যে প্রকল্প নেওয়া হয়েছিল, তা বাতিল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার যুক্তি, ওই প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জীবিকাতেও প্রভাব পড়ত। চেন্নাইয়ের জন্য নতুন বিমানবন্দরের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতি কম হয়—এমন বিকল্প জায়গা খোঁজার কথা বলেছেন তিনি।
একসঙ্গে রান্নার গ্যাসে আর্থিক সহায়তা, নারীদের জন্য গণপরিবহণে বাড়তি সুবিধা এবং কৃষিজমি রক্ষার সিদ্ধান্তকে বিজয় সরকারের বড় জনমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারপক্ষের বক্তব্য।
0 মন্তব্য