ডিজিটাল উদ্যোগের মাধ্যমে কার্যক্রম আরও দ্রুত ও সেবার দক্ষতা বাড়ছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ বিশ্বের অন্যতম স্মার্ট স্থাপনায় পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয়াবলি দেখভালের জেনারেল অথরিটির ডিজিটাল ট্রান্সফরমেশনের ডেপুটি সিইও ড. মোহাম্মদ আল-সাকর জানান, কর্তৃপক্ষের স্মার্ট মোবিলিটি প্ল্যাটফর্মের মাধ্যমে যাতায়াতসেবা স্বয়ংক্রিয় করা হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক বুকিং ও পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে।
এর ফলে হাজিদের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। তিন বছর আগে যেখানে অপেক্ষার সময় প্রায় দুই ঘণ্টা ছিল, সর্বশেষ হজ মৌসুমে তা কমে প্রায় ৯ মিনিটে নেমে এসেছে।
ডিজিটাল রূপান্তরের মাধ্যমে গ্র্যান্ড মসজিদের ইফতার খাবার বিতরণ ব্যবস্থাপনাতেও আধুনিকায়ন করা হয়েছে। এ ব্যবস্থার আওতায় ৩ কোটি ৮০ লাখের বেশি ইফতার খাবার বিতরণ করা হয়, যার লেনদেনের মূল্য প্রায় ৫০ কোটি সৌদি রিয়াল।
অটোমেশন, জাতীয় দাতব্য প্ল্যাটফর্ম ‘এহসান’-এর সঙ্গে সমন্বয় এবং তৃতীয় পক্ষের নজরদারির ফলে প্রশাসনিক অনুমোদনের সময়ও ব্যাপকভাবে কমেছে। আগে যেখানে প্রায় আট দিন সময় লাগত, এখন তা কমে প্রায় আট মিনিটে নেমে এসেছে।
এ ছাড়া ‘রাফেদ’ প্ল্যাটফর্মের মাধ্যমে ১৮টি সরকারি সংস্থাকে যুক্ত করা হয়েছে, যাতে মাঠপর্যায়ের বিভিন্ন অভিযোগ ও প্রতিবেদন দ্রুত সমাধান করা যায়।
ইন্টার্যাকটিভ ডিজিটাল ম্যাপিং ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ৬ লাখ কেস পরিচালনা করা হচ্ছে। এই সেবা গ্র্যান্ড মসজিদে বছরে আসা প্রায় ৬০ লাখ দর্শনার্থীর ১০ শতাংশের কাছাকাছি মানুষের প্রয়োজন মেটাতে সহায়তা করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পবিত্র মসজিদেই স্মার্ট প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ করা হচ্ছে।
সূত্রে: আরব নিউজ
0 মন্তব্য