ইংল্যান্ডের অধিনায়ক ও জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ দিকে তিনি আমেরিকান ফুটবলের ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) কিকার হিসেবে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সম্ভাবনাও দেখছেন তিনি।
বুধবার ইংল্যান্ডের উয়েফা নেশন্স লিগের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনএফএল-এ ক্যারিয়ার গড়ার ইঙ্গিত দেন কেইন।
এর আগে গলফ ও আমেরিকান ফুটবলে ক্যারিয়ার গড়ার আগ্রহের কথা জানিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই তারকা। এবার এনএফএল নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা এখনই নয়, বরং ক্যারিয়ারের পরবর্তী পাঁচ-ছয় বছরে কী ঘটে তার ওপর বিষয়টি নির্ভর করবে বলে জানিয়েছেন কেইন।
তিনি বলেন, ‘এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমি আরও গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা করব। আগামী পাঁচ বা ছয় বছরে আমার ক্যারিয়ারে কী ঘটে, আমার আগ্রহ ও আমি কী করতে চাই—সবকিছুর ওপর এটি নির্ভর করবে। তবে গলফের তুলনায় এনএফএল অনেক বেশি বাস্তবসম্মত।’
ইংল্যান্ডের হয়ে ১২১ ম্যাচে ৮৫ গোল করেছেন কেইন। এর মধ্যে ২৫টি গোল এসেছে সফল পেনাল্টি থেকে। পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা এনএফএল-এর কিকার হিসেবে তাকে কিছুটা এগিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি। তবে ফুটবল থেকে আমেরিকান ফুটবলে যেতে হলে কঠোর প্রস্তুতির প্রয়োজন হবে বলেও স্বীকার করেছেন।
কেইন বলেন, ‘আমি পেনাল্টি নিই এবং সেখানে চাপ ও কৌশল অনেকটা একই রকম। প্রশিক্ষণের দিক থেকে অন্য যেকোনো খেলার চেয়ে এটির সঙ্গে আমার অভিজ্ঞতা বেশি কাছাকাছি।’
তবে টেলিভিশনে দেখে কোনো খেলাকে সহজ মনে হলেও বাস্তবে বিষয়টি তেমন নয় বলে সতর্ক করেছেন তিনি।
‘আমি যদি এটি করি, তাহলে অবশ্যই গুরুত্বের সঙ্গে নেব। আগে ছয় মাস থেকে এক বছর অনুশীলন করার চেষ্টা করব,’ বলেন কেইন।
ভবিষ্যতে এমএলএস-এ খেললে একই সঙ্গে এনএফএল-এ কিকার হিসেবে কাজ করার সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। তার ভাষায়, ‘হয়তো ভবিষ্যতে আমি যদি এমএলএস-এ বা এ ধরনের কোথাও থাকি, তাহলে দুই খেলাকে মৌসুমের সময়সূচির সঙ্গে মিলিয়ে নেওয়ার সুযোগ থাকতে পারে।’
এর আগে ফুটবল থেকে আমেরিকান ফুটবলে পেশাদার পর্যায়ে যাওয়ার নজিরও রয়েছে। ডালাস কাউবয়েজের কিকার ব্র্যান্ডন অব্রে ২০১৭ সালে টরন্টো এফসির হয়ে এমএলএস ড্রাফটে প্রথম রাউন্ডে নির্বাচিত হয়েছিলেন। তবে ক্লাবটির মূল দলের হয়ে আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। আরেক কিকার জেক বেটসও কলেজ পর্যায়ে ফুটবল খেলার পর ডেট্রয়েট লায়ন্সের কিকার হন।
তবে কেইনের তাৎক্ষণিক ভবিষ্যৎ ফুটবলেই। জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে তার নতুন চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
কেইন বলেন, ‘আমাদের মধ্যে ভালো আলোচনা চলছে। এখনও কিছু বিষয় চূড়ান্ত করার বাকি আছে। আমি সেখানে (বায়ার্নে) সুখে আছি। আশা করছি, খুব বেশি সময়ের মধ্যে কোনো ঘোষণা আসবে।
সুত্র:আল জাজিরা
0 মন্তব্য