ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা ট্রেনটি আটকে যায় এবং ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ট্রেনটির পথরোধ করেন আন্দোলনকারীরা। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের দাবি, মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ হলেও আন্তঃনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি নেই। ফলে মশাখালীসহ আশপাশের এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা আন্তঃনগর ট্রেনে সরাসরি যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, এ দাবিতে তারা গত ১০ থেকে ১২ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দ্রুত মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি চালু না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে যমুনা ট্রেনটি মশাখালী এলাকা ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। বুধবার সকালে তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনটি আটকে দেন। পরে তাদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
0 মন্তব্য