সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তৌফিক নেওয়াজ মারা যান। তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। এরপর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এর আগে গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন।
0 মন্তব্য