বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স ভাইবভার্স’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের নবীন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিটাইম বিজনেস স্টাডিজ বিভাগের ডীন আ ন ম দিদারুল আলম। বক্তব্যে তিনি বলেন, একই এলাকার শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এ ধরনের সংগঠন পারস্পরিক পরিচিতি, সহযোগিতা ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরবর্তী নেতৃত্ব নির্বাচন নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান বলেন, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হলে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।
নবীনবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। গান, পরিবেশনা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম।
নবীন ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি বাড়ানো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ উৎসব।
0 মন্তব্য