ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগে চেলসিকে ১ কোটি পাউন্ড (প্রায় ১৩.৪ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। পাশাপাশি ক্লাবটির ওপর দুই ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত খেলোয়াড় নিবন্ধন (ট্রান্সফার) নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন চেলসিকে স্থগিত ছয় পয়েন্ট কাটা এবং জরিমানার শাস্তি দিয়েছিল। তবে ক্লাবটির আপিলের পর আপিল বোর্ড পয়েন্ট কর্তনের শাস্তি বাতিল করে তার পরিবর্তে দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত নিষেধাজ্ঞা বহাল রাখে। এই শাস্তি ২০২৭ সালের জুনের শেষ পর্যন্ত স্থগিত থাকবে।
চেলসি এফএর ৭৪টি নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেছে। এসব লঙ্ঘনের মধ্যে ছিল খেলোয়াড়ের এজেন্ট, মধ্যস্থতাকারী (ইন্টারমিডিয়ারি) এবং তৃতীয় পক্ষের বিনিয়োগ-সংক্রান্ত বিধিমালা ভঙ্গ।
২০২২ সালে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ-এর কাছ থেকে ক্লাবটি কেনার সময় বর্তমান মালিক টড বোহলি এবং ক্লিয়ারলেক ক্যাপিটাল স্বেচ্ছায় এসব অনিয়মের তথ্য ফুটবল কর্তৃপক্ষকে জানায়।
চেলসি এর আগে একই ঘটনার জন্য প্রিমিয়ার লিগ এবং উয়েফার সঙ্গেও নিষ্পত্তিমূলক চুক্তিতে পৌঁছেছিল।
এফএ জানিয়েছে, এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য অসদাচরণ নিয়ে তদন্ত এখনও চলমান।
অন্যদিকে চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালে ক্লাবটি সম্ভাব্য ঐতিহাসিক নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বেচ্ছায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানিয়েছিল এবং তদন্তে হাজার হাজার নথি সরবরাহ করে পূর্ণ সহযোগিতা করেছে। ক্লাবটি বলেছে, এফএর প্রক্রিয়া শেষ হওয়ায় এখন তাদের বিরুদ্ধে চলমান সব নিয়ন্ত্রক কার্যক্রমেরও সমাপ্তি ঘটেছে।
0 মন্তব্য