রোমাঞ্চকর লড়াই ও টাইব্রেকারের স্নায়ুচাপ জয় করে মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগকে হারিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা নিজেদের দখলে নিয়েছে ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি বিভাগ। এর মাধ্যমে তারা টুর্নামেন্টে নিজেদের আধিপত্য ধরে রেখে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে মিরপুর ডিওএইচএস মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও উভয় দল কোনো গোল করতে না পারায় খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। পরে বিজয়ী নির্ধারণের জন্য ট্রাইব্যুকারের শরণাপন্ন হলে, সেখানে ৪-৩ ব্যবধানে ল অ্যান্ড পলিসি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওশানোগ্রাফি।
টুর্নামেন্টের সফল সমাপ্তি ও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে ওশানোগ্রাফি দলের অধিনায়ক রাকিবুল হাসান রাব্বি বলেন, “বিএমইউ স্পোর্টস ক্লাবকে পরপর দুই, দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমাদের দলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই আমরা আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। এছাড়া সার্বিক সহযোগিতার জন্য টিম ম্যানেজার সানি স্যারসহ সকল শিক্ষককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”
অন্যদিকে, রানার্স-আপ দলের অধিনায়ক আল বাশার মোহাম্মদ বিধান তার অনুভূতি প্রকাশ করে বলেন, “স্থায়ী ক্যাম্পাস না থাকা সত্ত্বেও এমন একটি চমৎকার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ টুর্নামেন্ট ছিল; যদিও আমরা রানার্স-আপ হয়েছি, তবুও এই অভিজ্ঞতা আজীবন স্মরণে থাকবে। পরিশেষে, আমার দলের সকল খেলোয়াড়কে তাদের সর্বোচ্চ চেষ্টার জন্য ধন্যবাদ জানাই।”
বিএমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি রোবায়েত হোসেন জয় টুর্নামেন্টের সার্বিক সফলতায় সন্তোষ প্রকাশ করে জানান, “পাঁচটি বিভাগের অংশগ্রহণে আয়োজিত বিএমইউ ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট সিজন-২ আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে। এটি কেবল একটি টুর্নামেন্ট ছিল না, বরং এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছিল। এই সফল আয়োজনের সাথে জড়িত প্রশাসন, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সকল খেলোয়াড়কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও নিজের দলের সাফল্যে দ্বিগুণ আনন্দিত বিএমইউ স্পোর্টস ক্লাবের সহকারী সাধারণ সম্পাদক নাহিয়ান সাকিব চৌধুরী। তিনি বলেন, “একজন অর্গানাইজার হিসেবে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পারা যেমন আনন্দের, তেমনি মাঠে নিজের দলের হয়ে লড়াই করার অনুভূতিটা আরও স্পেশাল। আর আমার দল ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ায় এই আনন্দ আমার জন্য সত্যি দ্বিগুণ।”
উল্লেখ্য, বিএমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে গত ৫ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি বিভাগ অংশ নেয়। দলগুলো হলো - ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি বিভাগ, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ, পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগ, মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগ এবং মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগ।
0 মন্তব্য