আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’। এ উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে রমনা পার্কের দক্ষিণ-পূর্ব পাশ থেকে মাদকবিরোধী র্যালি শুরু হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের থিম সং প্রদর্শন এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী কার্যক্রমের ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দিবসটিকে ঘিরে একটি স্যুভেনির ও বার্ষিক মাদক প্রকাশ ও প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসটি জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ মাদক বাণিজ্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ২৬ জুন এটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। এই দিবসে উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে।
বর্তমান সরকার মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে। এছাড়াও পথশিশুসহ যারা মাদকাসক্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে তাদেরকে সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারিভাবে পরিচালিত ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ তিনটি বিভাগীয় শহরে স্থাপিত নিরাময় কেন্দ্রের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকার কেন্দ্রীয় মাদক নিরাময়কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।
0 মন্তব্য