দেশের বাজারে কয়েক দফা স্বর্ণের দাম বাড়ার পর ফের বেড়েছে সোনার দাম। সবশেষ দফায় প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে বেড়েছে রুপার দামও।
বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার পিওর গোল্ড ও সিলভারের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, দেশে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালংকারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালংকার ও রৌপলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এদিকে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
0 মন্তব্য