ক্রীড়া ক্ষেত্রে কিশোর-কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানের সংবাদকে গুরুত্ব দিয়ে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রীড়া ক্ষেত্রে কিশোর-কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানের সংবাদকে গুরুত্ব দিয়ে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুরোধ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রতিদিন বিভিন্ন প্রতিবেদন পত্রিকায় লিড করেন। আমার অনুরোধ, যত নিউজই থাক আগামীকালের পত্রিকায় আজকের এই বাচ্চাদের খেলা– এই ভবিষ্যৎ প্রজন্মের খবর লিড করবেন। আর ইলেকট্রনিক মিডিয়ায় আজ রাতেই আমাদের এই ভবিষ্যৎকে তুলে ধরবেন।’
এ সময় নতুন প্রজন্মের সহযোগিতায় একটি সুন্দর দেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে। সড়ক পরিষ্কার, গাছ লাগানো ও পশুপাখির যত্ন নিতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম ভালো করবে– সেই প্রত্যাশা থাকবে।’
0 মন্তব্য