লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা লিবিয়ার ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসন প্রক্রিয়ায় থাকা ১৭৩ জনের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
জানা গেছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।
এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দূতাবাস। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
0 মন্তব্য