কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আরিফুল ইসলাম রনিকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলামিন মজুমদার এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ওমর ফারুক। যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে মোহাম্মদ ওসমান এবং যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আজম খান।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাঈমুর রহমান, বিল্লাল হোসেন ও জি. এম. তৈয়ুবুর ইসলাম।
নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি কৃতজ্ঞ। এটি শুধু একটি পদ নয়, বরং গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে তিনি শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনাকে নিজের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সোচ্চার থাকাই তাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চান।
বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
0 মন্তব্য