দেশের শিল্পখাতের নানা চ্যালেঞ্জ ও সংকটের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে সুখবর এসেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানি কিছুটা কমলেও শীর্ষ অবস্থানে রয়েছে চীন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে তুরস্ক।
ডব্লিউটিওর তথ্য বলছে, ২০২৪ সালে বাংলাদেশ প্রায় ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। একই সময়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি ছিল।
তবে রপ্তানির পরিমাণে এগিয়ে থাকলেও প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বছর ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, যেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ।
অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম দ্রুত এগিয়ে আসছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও বৈশ্বিক পোশাকবাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। তাই দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও অটোমেশন বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতা আরও উন্নত করতে হবে।
বিশ্লেষকদের মতে, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, দক্ষ জনবল তৈরি, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পোশাক রপ্তানিতে তার শক্ত অবস্থান আরও সুসংহত করতে পারবে।
0 মন্তব্য