যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি আরও বাড়বে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে রোববার এ সতর্কবার্তা দেওয়া হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনকে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও জায়নবাদীদের প্ররোচনায় পা দেয় এবং বিশেষ করে বিমান হামলার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাহলে এই সংঘাত ভৌগোলিকভাবে আরও বাড়বে হবে।”
তিনি দাবি করেন, যুদ্ধের প্রভাব ইতোমধ্যে লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দাব প্রণালি পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
আক্রমিনিয়ার ভাষ্য, “আমাদের সামরিক অভিযানের পরিধি এখন জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি থেকে শুরু করে আরব উপসাগর-সংলগ্ন দেশগুলো পর্যন্ত বিস্তৃত।”
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন একটি “কঠিন ও অস্থির” পরিস্থিতির মুখোমুখি এবং ওয়াশিংটন নতুন কৌশল খুঁজছে। “সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত,” যোগ করেন তিনি।
এদিকে শুক্রবার ইসরায়েল জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে অগ্রগতির দাবি
অন্যদিকে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে। সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের সার্বভৌম অধিকার বজায় রেখে প্রণালিটি পরিচালনার নীতিমালা ও কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
তিনি আলোচনাকে “ফলপ্রসূ” উল্লেখ করে বলেন, কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা এখনও চলমান।
গত জুনে ইরান ও ওমান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর সেবামূল্য আরোপের বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছিল, যার বিরোধিতা করে ওয়াশিংটন।
এদিকে ইরান জানিয়েছে, টানা প্রায় দুই সপ্তাহের হামলার পর শনিবার থেকে তারা আর কোনো মার্কিন হামলার তথ্য পায়নি।
মার্কিন সংবাদমাধ্যম Axios-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পকে টানা ১৪তম রাতের হামলার একটি পরিকল্পনা দিলেও তিনি তা অনুমোদন না দিয়ে নতুন করে আলোচনায় ফেরার সিদ্ধান্ত নেন। প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ওমানের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছানোর পরই ট্রাম্প হামলা স্থগিতের নির্দেশ দেন।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সূত্র: আরব নিউজ
0 মন্তব্য