২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। এবার সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়ে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে । বোর্ড সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।
প্রথম ধাপের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ জন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে।
নীতিমালায় একাদশ শ্রেণিতে ভর্তির আসনের ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে ২৩ সেপ্টেম্বর।
যেভাবে ফল দেখা যাবে
একাদশ শ্রেণির ভর্তির ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।
0 মন্তব্য