হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রীদের ইভটিজিং এবং পুকুরে গোসলের সময় নারীদের মোবাইলে ভিডিও ধারণের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠখাল গ্রামের কিছু বখাটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রীদের বিভিন্নভাবে উত্যক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়া পুকুরে গোসলের সময় নারীদের অজান্তে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বাড়তে থাকে।
এরই ধারাবাহিকতায় রোববার উত্তেজনা চরমে পৌঁছালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
0 মন্তব্য