কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার শাহ্ বাজারে শাহ্ বাজার মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে শাহ্ উচ্চ বিদ্যালয় এবং শাহ্ বাজার এ এইচ সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা পৃথক পৃথক র্যালি নিয়ে শাহ্ বাজারে সমবেত হন। পরে মাদক প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তারা মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
র্যালি শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শাহ্ বাজার মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান খন্দকার, সদস্য সচিব আশরাফুল হক ক্লে, শাহ্ বাজার এ এইচ সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শাহ্ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাছিনা খাতুন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার জেসামনি এবং শাহ্ বাজার এ এইচ সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ আলম।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
0 মন্তব্য