হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে জীবিত ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে সরকারি বয়স্ক ভাতার তালিকায় ‘মৃত’ দেখিয়ে অন্য এক নারীর নামে ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী বৃদ্ধা মৌরশ বিবি দেবপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কিটকিয়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, তিনি জীবিত থাকা সত্ত্বেও সরকারি বয়স্ক ভাতার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। একই সময়ে বৈঠাখাল গ্রামের মনোয়ারা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে।
মৌরশ বিবি জানান, গত ৬ থেকে ৭ মাস ধরে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। ভাতা বন্ধ হওয়ার কারণ জানতে গিয়ে তিনি জানতে পারেন, সরকারি তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে।
এ ঘটনায় তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার বন্ধ থাকা বয়স্ক ভাতা দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনায় ইউপি সদস্য আব্দুস ছালামের নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
জীবিত একজন বৃদ্ধাকে সরকারি নথিতে মৃত দেখিয়ে অন্য ব্যক্তির নামে ভাতার কার্ড দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
0 মন্তব্য