হবিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মিরাসি ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে মিরপুরগামী একটি ট্রাক থামিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রেমা-কালেঙ্গা ও ছনবাড়ি বিটের বন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নালমুখ বাজার এলাকা থেকে মিরপুরগামী একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা আনুমানিক ১ হাজার ২০০ ঘনফুট আকাশমনি কাঠ পাওয়া যায়। কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ট্রাকের চালক বলে জানিয়েছে বন বিভাগ।
পরে কাঠবোঝাই ট্রাকটি জব্দ করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জব্দ করা কাঠের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বনাঞ্চল ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে কাঠ পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন বিভাগ।
0 মন্তব্য