১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এদিকে, দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে নির্ধারিত ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বৈধ প্রার্থী হিসেবে থাকছেন।
তিনি বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। কর্নেল অলি আহমদের মনোনয়ন প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
আব্দুল বাতেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট অংশ নেবে। কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির, আর সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।
আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন আব্দুল বাতেন। তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে সংসদ সদস্যরা আরও স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাবেন।
0 মন্তব্য