দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। এ বিষয়ে মির্জা ফখরুল নিজেই দেশবাসীকে অবহিত করেছেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
ভোট গ্রহণ হবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারলেও যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্রই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
0 মন্তব্য