আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, ব্যালট কীভাবে গ্রহণ ও পূরণ করবেন এবং ভোট গণনা শেষে কীভাবে ফল ঘোষণা করা হবে—এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্টের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটগ্রহণের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন। এরপর শুরু হবে ভোটগ্রহণ।
যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে থাকবে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর।
মুড়ি অংশের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তাকে মূল ব্যালট পেপার দেওয়া হবে।
মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন।
ভোট দেওয়া শেষে নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভোট গণনা ও ফল ঘোষণা
ইসি সচিব জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।
গণনার সময় কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ হয়েছে, কতটি বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কতটি বৈধ ভোট পেয়েছেন, তা গণনা করা হবে।
তিনি বলেন, যে প্রার্থী সবচেয়ে বেশি বৈধ ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফিরে নির্বাচনের ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।
0 মন্তব্য