জেলার বরকল উপজেলায় বন্যা কবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাবার বিতরণ করেছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
আজ শনিবার সকালে দীপেন দেওয়ান জেলা এবং উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের নিয়ে জেলার বরকল উপজেলার ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, পিআইও মো. আব্দুল কাইউম খান, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন,
বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সওদাগর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় দীপেন দেওয়ান বলেন, বর্তমান দুর্যোগকালীন সময়ে সরকার সর্বোচ্চ বরাদ্দ প্রদানসহ দুস্থ মানুষের পাশে দাড়িয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের মত পার্বত্য এলাকার বিষয়েও প্রতিনিয়ত মনিটরিং করছেন। তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করবো এবং আপনাদের জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে।
পরে তিনি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
0 মন্তব্য